
শফিকুল ইসলাম পাটোয়ারী :
“শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার”—কবি কাদের নেওয়াজের কবিতার এই অমোঘ চরণকে হৃদয়ঙ্গম করে আজ ৫ অক্টোবর সাড়ম্বরে পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে সেইসব মহান মানুষদের, যারা আলোকবর্তিকা হয়ে সমাজ ও জাতিকে পথ দেখিয়ে চলেছেন।
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক পরম ব্রত। জীবনের প্রথম দিন থেকে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা ও শিক্ষা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার শিক্ষক সমাজ বহন করে চলেন, তা একটি জাতির মেরুদণ্ড গড়ে তোলে।
আজকের এই বিশেষ দিনে স্মৃতির পাতায় ভেসে ওঠে গ্রামের সেই নিরহংকারী শিক্ষকদের কথা, যারা কোনো বৈষয়িক হিসাব-নিকাশ না করে শুধু মমতা, নিষ্ঠা আর অক্লান্ত পরিশ্রমে শিশুদের মানুষ করেছেন। সেই প্রাথমিক প্রেরণা থেকেই শুরু হয় একেকটি স্বপ্নের যাত্রা।
শিক্ষার এই আদি পাঠশালা শুরু হয় ঘর থেকেই। প্রথাগত ডিগ্রির তোয়াক্কা না করে সন্ধ্যায় হ্যারিকেন বা কুপির আলো জ্বেলে পড়াশোনা তদারকি করা প্র পরম মমতাময়ী মা—যিনি জীবনের প্রথম পাঠিকা। আর পরিমিত উপার্জনে কঠোর কষ্ট সহ্য করে সন্তানদের সুশিক্ষিত করে তোলা বাবা—যাঁরা সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষকের প্রতীক হয়ে থাকেন।
জাতির আসল স্থপতি এই শিক্ষকরা নীরবে আলো জ্বেলে যান, অগণিত চোখে স্বপ্ন বোনেন। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল সম্মানিত শিক্ষক, পথপ্রদর্শক পিতা-মাতা এবং শিক্ষাগুরুদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও অজস্র ভালোবাসা।
