তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতে ঢাকার সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলায় বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল আড়াইটায় সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারাপুর মাঠে এই জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মাদবর সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হযরত আলী এবং সাভার পৌর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম বাচ্চুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সমাজে সম্প্রীতি গড়ে তোলাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত খেলাধুলার চর্চার মাধ্যমেই কেবল তরুণ প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে নেওয়া সম্ভব বলে আয়োজকরা মনে করেন।
