ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং বাংলা ট্রিবিউনের সাবেক সাভার প্রতিনিধি নাদিম হোসেন মারা গেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি মা-বাবা ও দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তিনি পরিবারের সাথে সাভারের ব্যাংক কলোনিতে বসবাস করতেন।
সাভার প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাংবাদিক নাদিম হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে শুক্রবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক নাদিম হোসেন দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মোহনা টেলিভিশন, বাংলা মেইল টোয়েন্টিফোর, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনে সাভার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর অকালমৃত্যুর খবরে সাভারের সংবাদকর্মী ও সুশীল সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সাভার প্রেসক্লাব, সাভার মিডিয়া ক্লাব, ধামরাই রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় নানা সামাজিক ও সাংবাদিক সংগঠন।
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল রহমান শোক প্রকাশ করে বলেন, নাদিম হোসেন একজন তরুণ, প্রতিশ্রুতিশীল ও গুণী সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর এই অকালমৃত্যু সাভারের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শুক্রবার বাদ এশা সাভার প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুম নাদিম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন। পরে মরদেহ তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
