ন্যূনতম ত্রিশ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় বিশটি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করার পর এই বিক্ষোভ শুরু হয়।
শ্রমিকদের বিক্ষোভের মুখে একে একে বিশটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর বাইরে আরও চারটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
এদিকে সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকার কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সাভার শিল্পাঞ্চলের অন্যান্য এলাকায় কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি এবং সেখানে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন।
