সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৩০টি দুর্গাপূজা মণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে এই অনুদান দেওয়া হয়। এ সময় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সোবহান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান আনিস, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আবুল রহমান বাবুল এবং সংসদ সদস্যের পিএস ও সাবেক ছাত্রনেতা শরীফুল আলম।
এ ছাড়া আশুলিয়া থানা বিএনপির প্রচার সম্পাদক ও ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা এবং পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জাহিদুল ইসলাম শাওনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতার বার্তা দেন।
