ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ভক্তি ও উৎসবমুখর পরিবেশে সাভারে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী।
শনিবার সকালে সাভারের বিভিন্ন পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই সাভার পৌর এলাকাসহ বিভিন্ন অঞ্চলের মণ্ডপগুলোতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।
শাস্ত্রীয় রীতি অনুযায়ী, সকালে মঙ্গলপ্রদীপের আলোয় ও মন্ত্রোচ্চারণে নবপত্রিকা স্নান করিয়ে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করা হয়। এরপর দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, ফল ও মিষ্টান্ন ভোগ নিবেদন এবং চণ্ডী পাঠের মাধ্যমে পূজা-অর্চনা সম্পন্ন হয়। ভক্তরা এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাভারে পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে।
এদিকে শারদীয় দুর্গোৎসব ঘিরে সাভারের প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।
