চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের আবুরহাট 'শহীদ জিয়া স্মৃতি সংসদ'র উদ্যোগে 'কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান বিকাশ নয়, বিনাশের কারণ' বিষয়ে আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি নুরুল আমিন।
১২ অক্টোবর দুপুরে আবুরহাট স্কুল প্রাঙ্গণে স্থানীয় ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল হক মঞ্জুর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে নুরুল আমিন এমপি বলেন, এইভাবে মীরসরাই উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য ওই রকমভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেওয়া একান্ত অপরিহার্য। এই বিষয়ে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
