সাভার প্রতিনিধি:
সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) নেছার ও এএসআই কামাল বাশারের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
