সাভারের ভাকুর্তায় একটি বিদেশি তারের গোডাউনে ডাকাতির ঘটনায় বুস সোহেল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুস সোহেল পুলিশের ডিবির সোর্স হিসেবেও পরিচিত বলে জানা গেছে।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার বুস সোহেলের বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক ও ৫টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। সাভারের ভাকুর্তায় একটি বিদেশি তারের গোডাউনে সংঘটিত ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে তাঁর সম্পৃক্ততা পায় ডিবি পুলিশ। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আমিনবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
