ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৪ অক্টোবর) রাত নয়টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার 'সানকিন ইনস্টিটিউট ফর অটিস্টিক চিলড্রেন অ্যান্ড ট্রাস্ট হোম'-এর সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আল-আমিন ওই এলাকার অটোরিকশাচালক সাত্তার পাগলার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আল-আমিনকে আটকের পর তাঁর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদক জব্দ তালিকাভুক্ত করা হয়।
অভিযানের বিষয়ে এসআই মো. মতিউর রহমান বলেন, সাভারের বনগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, ৯০টি ইয়াবাসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
