রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অন্যান্য

ডিআরইউ নির্বাচন ২০২৬: আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সাংবাদিক হাবিবুল্লাহ মিজান

Didarul Islam

ডিআরইউ নির্বাচন ২০২৬: আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন সাংবাদিক হাবিবুল্লাহ মিজান

​স্টাফ রিপোর্টার:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক হাবিবুল্লাহ মিজান। আগামী ৩০ নভেম্বর উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

​দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় ইংরেজি দৈনিক ও বার্তা সংস্থায় সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন হাবিবুল্লাহ মিজান বর্তমানে নতুন অপরাধভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘অল ক্রাইম.টিভি’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক ‘দ্য নিউ নেশন’, বার্তা সংস্থা ‘ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)’, ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ এবং ‘দ্য বাংলাদেশ পোস্ট’-এ প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিবেদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

​সাংবাদিকদের পেশাগত অধিকার ও মানোন্নয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় এই সাংবাদিক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর আন্তর্জাতিক সম্পাদক পদে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অন্তর্ভুক্ত দ্য বাংলাদেশ পোস্ট ইউনিটের প্রধান হিসেবে টানা চার বছর নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ডিফেন্স জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে হাবিবুল্লাহ মিজান জানান, নির্বাচিত হলে তিনি বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক সাংবাদিক সংগঠনগুলোর সাথে ডিআরইউ-এর সম্পর্ক সুদৃঢ় করবেন। পাশাপাশি ডিআরইউ সদস্যদের আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণ, ফেলোশিপ ও বিদেশি গণমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরিতে কাজ করবেন।

​তিনি বলেন, “রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব সদস্যের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি নেতা হয়ে নয়, সহকর্মী হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাই।”

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র হাবিবুল্লাহ মিজান ডিআরইউ-কে একটি আধুনিক, মর্যাদাশীল ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরে সব সদস্যের কাছে ভোট, সমর্থন ও দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।