দিদারুল ইসলাম দিপু, বিশেষ প্রতিনিধি, সাভার:
“উদ্যোক্তা হবো, দেশ গড়বো”— এই স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’ (Entrepreneurship Development Training Program)।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি (SMESPD)-র যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করছে ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC.)।
সাভারের রেডিও কলোনী সংলগ্ন জলেশ্বরের ওয়াইএমসিএ (YMCA) ট্রেনিং সেন্টারে অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
নতুন উদ্যোক্তা তৈরি, শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ব্যবসায় উদ্যোগকে উৎসাহিত করতেই এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণ সেশনগুলোতে অভিজ্ঞ প্রশিক্ষকগণ ব্যবসা পরিকল্পনা, অর্থায়ন ব্যবস্থাপনা, বাজারজাতকরণ এবং ডিজিটাল ব্যাংক ঋণের সহজলভ্যতা বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান প্রদান করবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা জানান, এ ধরনের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ তাদের ব্যবসাকে সুসংগঠিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


