সাভার প্রতিনিধি:
সাভার উপজেলায় সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জরিপ কাজ শুরু হতে যাচ্ছে। উদ্যোগটিকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও তদারকি কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও রূপরেখা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভারে জরিপ কার্যক্রম পরিচালনা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ১ হাজার ১৫১ জন তথ্য সংগ্রহকারী এবং ১১২ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো যোগ্য পরিবার যেন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্রতিটি ইউনিয়নে ‘অপেক্ষমাণ তালিকা’ প্রস্তুত রাখা হয়েছে।
জরিপ কার্যক্রমটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। প্রাথমিক পর্যায়ে ১৫টি ট্যাব পাওয়া গেছে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সম্মতি নিয়ে পাথালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই জরিপ কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা জোর দিয়ে বলেন, সাভার একটি জনবহুল শিল্পাঞ্চল। এখানে তৈরি পোশাক খাতের শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের বহু মানুষ বসবাস করেন। তাই ফ্যামিলি কার্ডের জন্য প্রকৃত উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের দলীয় পরিচয়, স্বজনপ্রীতি কিংবা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়রানিমুক্ত রাখা হবে।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
