শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
জাতীয়

শ্রীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

admin

শ্রীপুরে বিকাশ কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার সঙ্গে থাকা আরও দুই কর্মকর্তা ও গাড়িচালককে মারধর করেছে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেলের (৩৫) বাড়ি মাওনায়। তিনি মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার। আহত অন্যরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে তারা চার কোটি টাকা সংগ্রহ করেন।

তিনটি বস্তায় টাকা ভরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে তিন কর্মকর্তা নরসিংদী থেকে মাওনার উদ্দেশে রওনা হন।

তাদের বহনকারী গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে তারা।

পরে তাকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে বিকাশের অপর দুই কর্মকর্তা ও গাড়িচালককে বেধড়ক মারধর করা হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়ির পেছনের ডালার ভেতরে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ আড়াই কোটি টাকা হতে পারে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে গুলিবিদ্ধ হিমেলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, আহত অবস্থায় চারজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তাঁকে জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিকাশের পক্ষ থেকে থানায় কিংবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানানো হয়নি।

চার কোটি টাকা বহনের জন্য বিকাশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়নি।

বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।