শিক্ষার্থীদের প্রাথমিক স্তরেই সঠিক ও মানসম্পন্ন বাংলা ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে সাভারের অ্যাসেড স্কুলে দিনব্যাপী বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) স্কুলের ইংলিশ ভার্সন ক্যাম্পাসে ‘প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন বাংলা পাঠদান কৌশল’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কিশোরগঞ্জ পিটিআই-এর সহকারী সুপারিনটেনডেন্ট, প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শিক্ষা বিষয়ক গবেষক ড. আব্দুর রহিম।
দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রাথমিক স্তরে বাংলা ব্যাকরণ, উচ্চারণ, পঠন-পাঠন কৌশল এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির নানান প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়। শ্রেণিকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের আরও স্বতঃস্ফূর্ত ও সক্রিয় রাখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান প্রশিক্ষক ড. আব্দুর রহিম।
সমাপনী পর্বে আয়োজকরা জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দক্ষতা ও সঠিক পাঠদান কৌশলের বিকল্প নেই। এ ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং শিক্ষার্থীরা ভাষা শেখায় আগ্রহী হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অ্যাসেড স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







অসাধারণ উদ্যোগ।
অভিনন্দন ও শুভকামনা। 🥰🥰