মাসুদ রানা, সাভার (ঢাকা):
দীর্ঘদিনের অস্থিরতা ও উত্তেজনা কাটিয়ে ঢাকার সাভার ও আশুলিয়ার পোশাকশিল্প অঞ্চলে আবারও ফিরতে শুরু করেছে স্বাভাবিক ছন্দ। বৃহস্পতিবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক শ্রমিককে কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। দীর্ঘদিন পর কারখানায় কাজে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শ্রমিক ও মালিকপক্ষ।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত নতুন করে কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শ্রমিকদের সুশৃঙ্খলভাবে কাজে ফেরা ও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাভার পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সুরুজ্জামান এবং সাবেক সাভার পৌর যুবদলের সহসভাপতি, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সব মিলিয়ে কয়েক দিনের টানা আন্দোলন ও বিশৃঙ্খলা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এই পোশাকশিল্প অঞ্চলে আবারও পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে, যা শিল্পাঞ্চলে স্বস্তি ফিরিয়ে এনেছে।
