রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভারে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু

admin

ফয়জুল ইসলাম, সাভার প্রতিনিধি:

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

​এ উপলক্ষে আজ শনিবার সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, প্রধান ক্যাম্পাস ও এর চারপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা, টায়ার বা পাত্রে কোনোভাবেই যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সচেতনতা সৃষ্টির পরামর্শ দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে সাভারের প্রতিটি এলাকায় নিয়মিত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (১)

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।