
সাভার প্রতিনিধি:
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সাভার থেকে ১০০ পিস ইয়াবাসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও কৌশলে পালিয়ে গেছেন শীর্ষ এক মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (উত্তর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেনের একটি দল সাভার মডেল থানাধীন ‘ডিপ মেশিন বাড্ডা’ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা এবং ১টি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সাভারের বেদেপাড়া এলাকার মো. রায়হান (২০), মো. মিরাজুল ইসলাম (২২), মো. রাজিব ইসলাম (২৬) ও মো. পারভেজ (২৩)।
এদিকে ডিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মো. অমিত হাসান মোল্লা (২৪) নামের অপর এক আসামি। ডিবির দাবি, পালিয়ে যাওয়া অমিত সাভার বেদেপাড়া এলাকার একটি বিশাল মাদক সিন্ডিকেটের মূল হোতা এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামি অমিতকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

এক্সিলেন্ট নিউজ কভারেজ