ইটভাটা ও যানবাহনের ধোঁয়ায় বায়ুদূষণ বাড়ার কারণে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ ও হৃদ্রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। একই সঙ্গে দূষিত বায়ু শিশু, বয়স্ক ব্যক্তি ও আগে থেকে অসুস্থ মানুষের স্বাস্থ্যের জন্য বাড়তি হুমকি হয়ে উঠছে। বায়ুদূষণের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চিকিৎসাব্যয় বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইটভাটার ধোঁয়া ও যানবাহনের নির্গত দূষিত পদার্থ বায়ুর মানকে ক্ষতিগ্রস্ত করে।
এ পরিস্থিতিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির করণীয় নিয়ে সাভারে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের উপদেষ্টা মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। ক্যাব সাভার উপজেলা কমিটির সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ক্যাবের নির্বাহী পরিচালক আহমেদ একরামুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাব সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সীমান্ত সিরাজ।
এ দূষণ কমাতে ইটভাটায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, দূষণবিরোধী আইন কার্যকর করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব কমাতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন ও ইটভাটা খাতের মালিক এবং সাধারণ ভোক্তাদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল।

