বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেছে এবং এখন উপজেলা পর্যায়ে দৃশ্যমান কাজগুলো করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
বিকেলে সাভার উপজেলা পরিষদে সেবা প্রত্যাশীদের সরাসরি সেবা দেওয়ার জন্য একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, এই পরিদর্শন কক্ষ উদ্বোধনের ফলে এখন থেকে সেবা প্রত্যাশীরা সরাসরি সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং সেখান থেকে তাঁদের সরাসরি সেবা দেওয়া হবে, এতে কোনো ভোগান্তি থাকবে না।
এদিকে উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অনেক খুশি হয়েছেন বলে জানা গেছে।
এর আগে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়াহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, গকুলনগর উচ্চ বিদ্যালয়, মাদারটেক উচ্চ বিদ্যালয়, ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ও এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।
