গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বাড়ির মাটির দেয়াল ধসে আছিয়া খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মনির হোসেন (৩৬) আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আছিয়া খাতুনের সাত বছর বয়সী একটি মেয়ে ও সাত মাস বয়সী আরেকটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ ইং রোজ রবিবার নিশ্চিন্তপুর এলাকায় সাবেক বিএনপির নেতা সুলতান পীরের মাটির বাড়ির দেয়াল ভাঙার কাজ চলছিল। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সময় আছিয়া খাতুন রান্না করছিলেন এবং দেয়াল ধসে তিনি গুরুতরভাবে চাপা পড়েন। এ ঘটনায় তাঁর স্বামী মনির হোসেনও আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই আছিয়া খাতুনের মৃত্যু হয়। আহত মনির হোসেনকে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আছিয়া খাতুনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র সাত মাস বয়সী শিশুসন্তানসহ দুই কন্যাকে রেখে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় পরিস্থিতির মুখে পড়েছে। তবে এ ঘটনায় দেয়াল ধসের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
