সাভারে একটি মাদ্রাসায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন এবং হাতে হাত ধরে প্রতিবাদ জানান।
মানববন্ধনে জানানো হয়, বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকার তোহফাতুল জান্নাতুল মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মাওলানা আব্দুল বারী সম্প্রতি ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
এই ঘটনার একদিন পর, পলাতক শিক্ষক আব্দুল বারীর ছেলে উমায়ের বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণ মামলার বাদিিসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মাদ্রাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।
আজ এলাকাবাসী ধর্ষণকারী শিক্ষককে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে ওই শিক্ষককে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
