সাভার ক্লাবের পাঠচক্রে আলোচনা: মানব সভ্যতার বিকাশে দর্শনের ভূমিকা অপরিসীম
সাভার প্রতিনিধি:
ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সাভার ক্লাব’-এর জ্ঞান ও বুদ্ধিভিত্তিক নিয়মিত আয়োজন ‘মাসিক পাঠচক্র’-এর বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে “মানব সভ্যতার বিকাশে দর্শনের অপরিসীম ভূমিকা” শীর্ষক এক সমৃদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও সাভার ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল কাদের তালুকদার মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের মহাসচিব আবদুল বাকি। এতে স্বাগত বক্তব্য দেওয়া ও মূল আলোচককে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব মেম্বার ও পাঠচক্র কর্মসূচির আহ্বায়ক দেলোয়ার হোসেন।
মূল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ক্লাব প্রেসিডেন্ট আব্দুল কাদের তালুকদার মানব চিন্তার বিবর্তন, আধুনিক সমাজ বিনির্মাণ এবং নৈতিক মূলবোধ গঠনে দর্শনের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, হেগেল, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, ফ্রেডরিক নিটশে এবং বাংলাদেশের বরেণ্য দার্শনিক অধ্যাপক জি. সি. দেবের দর্শনের নানা দিক সমসাময়িক ও বাস্তব প্রেক্ষাপটে বিশ্লেষণ করেন। জ্ঞানগর্ভ এই আলোচনা উপস্থিত সুধীমহলে বেশ প্রশংসিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুজিত কুমার সাহা (রনি), যুগ্ম মহাসচিব রঞ্জন শিশির, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মো. বোরহান উদ্দিন, নির্বাহী সদস্য আশীষ কুমার চক্রবর্তী, মো. শফিক পাটওয়ারী, শিল্পী মো. ফরিদুল ইসলাম এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক শফিকুল আলম বাবুল।
এছাড়া সাবেক অর্থ সম্পাদক মো. আজমল আমিন, সাবেক জনসংযোগ সম্পাদক নাজমা বেগম, ক্লাবের সদস্য ম.ই. খান সাজু, সুরঞ্জন কুমার সাহা রায়, শিল্পী টিপু চৌধুরী, অধ্যক্ষ হাসনাইন জিসান ও শামীমা জেসমিন ডেইজিসহ সাভারের বিশিষ্ট দর্শন অনুরাগী ও সুধীজন এতে অংশ নেন।
সাভার ক্লাবের পাঠচক্রে আলোচনা: মানব সভ্যতার বিকাশে দর্শনের ভূমিকা অপরিসীম
