মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি: 10 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অন্যান্য

​মজুরি কমিশন গঠিত হয়েছে, আন্দোলন করার সুযোগ নেই: সাভারে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Didarul Islam

​মজুরি কমিশন গঠিত হয়েছে, আন্দোলন করার সুযোগ নেই: সাভারে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু


​মাসুদ রানা, সাভার (ঢাকা):
শ্রমিকদের সার্বিক কল্যাণে ইতিমধ্যে মজুরি কমিশন গঠিত হয়েছে, ফলে এখন আর কোনো আন্দোলন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সাভার উপজেলা পরিষদে গার্মেন্টস খাতের বর্তমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
​প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, “একটি নির্দিষ্ট মহল শ্রমিকদের সরলতা ও আন্দোলনকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের এই উদ্দেশ্য কখনো সফল হবে না।”
​বৈঠক শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, গার্মেন্টস এলাকায় অবৈধভাবে আন্দোলন ও সংঘাত সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন জড়িতকে গ্রেপ্তারও করা হয়েছে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।
​এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিচারিক ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম।
​সাভার উপজেলা পরিষদে আয়োজিত এ বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।