ঢাকার সাভারে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে সাদা ব্যাগে রাখা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সম্ভাব্য নাশকতা ও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই বস্তুটি উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের আশঙ্কার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে সাদা পোশাক ও ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন। পরে রাত ১০টা ১৬ মিনিটে দুটি পার্কিং করা প্রাইভেটকারের মাঝখানে রাখা সাদা ব্যাগটি উদ্ধার করা হয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত ১০টা ২৬ মিনিটে ওসি সাইফুল আলম নিজেই বিশেষ সতর্কতা ও কৌশল অবলম্বন করে বস্তুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তীতে পুলিশের সংশ্লিষ্ট অন্যান্য ইউনিটের সহায়তায় সেটি নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে খবর আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে দুটি পার্কিং করা প্রাইভেটকারের মাঝখানে ব্যাগে রাখা ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং অন্যান্য ইউনিটের সহযোগিতায় নিষ্ক্রিয় করা হয়।
সূত্রের তথ্য বলছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই স্থানে ককটেল বিস্ফোরণের পরিকল্পনা করে থাকতে পারে। এ ঘটনায় একজন নারী, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এক সাংবাদিক এবং দুই যুবকের সম্পৃক্ততার তথ্যও সামনে এসেছে। তবে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, সম্ভাব্য নাশকতার আগেই পুলিশের এমন তৎপরতা এবং ঝুঁকি নিয়ে সরাসরি ঘটনাস্থলে বস্তুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় ওসি সাইফুল আলমের সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, সময়মতো পুলিশের পদক্ষেপ না থাকলে জনবহুল ওই এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন বিস্ফোরকসদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সময়মতো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান এবং ওসি সাইফুল আলমের সরাসরি তৎপরতায় সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
