ঢাকার আশুলিয়ার আড়াগাঁও এলাকায় অবস্থিত কোকো ফুডস লিমিটেড নামক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট দেখতে পান যে, কারখানার মেঝেতে রেখেই সব ধরনের ফ্লেভারড জেলি প্যাকেটজাত করা হচ্ছে। এছাড়া ফ্লেভারড জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত রঙ এবং ফ্লেভারের মোড়কে কোনো আমদানিকারকের তথ্য ছিল না। জেলি তৈরিতে ব্যবহৃত পানির কোনো ল্যাব টেস্ট রিপোর্টও কারখানা কর্তৃপক্ষ প্রদর্শন করতে ব্যর্থ হয়। এমনকি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বা বিএসটিআইয়ের কোনো সনদ না নিয়েই আচার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অপরাধে দোষ স্বীকার করার ভিত্তিতে কারখানাটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়তা প্রদানকারী স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
