মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি: 10 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভারে ওসির ছদ্মবেশী অভিযানে নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী আটক

news desk

সাভারে ওসির ছদ্মবেশী অভিযানে নাশকতার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী আটক

ঢাকার সাভারে ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকের পর তাদের তল্লাশি করে তিন বোতল পেট্রোল, এক বোতল কেরোসিন, মার্বেল নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের কাছে নিজেদের নাম জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভ (২২) বলে জানিয়েছেন।

পুলিশের এই কৌশলী অভিযানকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোররাতে ছদ্মবেশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক এবং সম্ভাব্য নাশকতায় ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম উদ্ধারের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বস্তি এনেছে। এ ধরনের ছদ্মবেশী অভিযানে সন্ত্রাসী আটকের খবরে ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।