নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে আনন্দমুখর ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে “নজরুল বর্ষ উদযাপন ২০২৬”। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং গুণীজনদের সম্মাননা প্রদান।
অনুষ্ঠানে দুপুর ৩টা থেকে প্রতিযোগী নিবন্ধন কার্যক্রম শুরু হয় এবং ৩:৩০ মিনিটে প্রতিযোগিতা শুরু হয়। সন্ধ্যার পর মিলনায়তনে এক সুসংগঠিত সাংস্কৃতিক ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান শামস মোং এনাম।
সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাদের তালুকদার।
আলোচনা সভা শেষে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শাহান জাহান সিদ্দিকী এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম রাব্বির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী এবং বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

