নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):
গণঅভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ মুহিদ সোবহান (২০) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে মুহিদ সোবহানকে আটক করা হয় এবং পরবর্তীতে তার হেফাজত থেকে অবৈধভাবে রাখা পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মুহিদ সোবহান গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশী স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
