নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) যেকোনো ধরনের ভাঙচুর, বিশৃঙ্খলা ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিল্প এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বজায় রাখা হচ্ছে কঠোর নজরদারি।
রেঞ্জ ডিআইজি জানান, পোশাক কারখানার নিরাপত্তা ও স্বাভাবিক কাজের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
