গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা সেক্রেটারির পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন মো. রাশেদুল ইসলাম বাবু। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে তিনি এ আবেদন করেন। এদিকে, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জুর বরাবর লিখিত আবেদন জমা দেন রাশেদুল ইসলাম বাবু। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
আবেদনপত্রে রাশেদুল ইসলাম বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দায়িত্ব অব্যাহতির আবেদন করেন তিনি।
অন্যদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে আপাতত ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে পরিচালিত হবে বলে জানা গেছে।
দুঃসময়ের এই ত্যাগী জামায়াত নেতা ছাত্র অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি দ্বায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালনের পর রাশেদুল ইসলাম বাবুর পদত্যাগের আবেদন এবং নতুন করে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি স্থানীয় জামায়াতের সাংগঠনিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে তাঁর পদত্যাগের আবেদন আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে দলীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানা যায়নি।
